‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’ | চ্যানেল আই অনলাইন

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’ | চ্যানেল আই অনলাইন

লিভারজনিত জটিলতায় মৃত্যুবরণ করা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ অব্যাহত রেখেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

মেয়ের মৃত্যুর কয়েক দিন পরও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই তিনি কারিনাকে নিয়ে নানা স্মৃতি ও অনুভূতি প্রকাশ করছেন।

বুধবার বিকেলেও বাবার কোলে ছোটবেলার কারিনার একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন কায়সার হামিদ।

সেখানে তিনি লেখেন,“কারিনা আমার রাজকন্যা, আমার কলিজার টুকরা, সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। মনে হয় এইতো সেদিনের কথা।”

তিনি আরও লেখেন, মেয়ের অল্প সময়ের জীবন, মানুষের ভালোবাসা জয় করা এবং হঠাৎ চলে যাওয়ার বেদনা তাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।

পোস্টে কায়সার হামিদ উল্লেখ করেন,“ও এলো, মানুষের মন জয় করলো, অনেক ভালোবাসা নিয়ে সবাইকে আনন্দ দিয়ে চলে গেল। শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল।”

মেয়ের প্রতিভার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, কারিনা ছিলেন অত্যন্ত প্রতিভাবান, তবে তা তিনি আগে পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।

সবশেষে তিনি লেখেন,“আকাশের তারা হয়ে মিটমিট করে জ্বলবে কারিনা। আমি ঠিকই তোমায় চিনে নিবো মা, আমরা কেউ তোমাকে ভুলবো না। আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে বেহেশত নসিব করুক। আমিন।”

Scroll to Top