বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি এলাকায় ট্রাকের সঙ্গে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, সকালে যাত্রীবাহী একটি মোটরসাইকেল খুলনা-মংলা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই যাত্রীকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের কাদের ফারাজী এবং মোংলা বন্দরে কর্মরত জাহাজচালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার। মোটরসাইকেল চালক আব্দুল কাদেরও এ দুর্ঘটনায় প্রাণ হারান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




