সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময় | চ্যানেল আই অনলাইন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময় | চ্যানেল আই অনলাইন

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ (২০ মে) বুধবার বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এই সংক্রান্ত প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রশ্ন রাখেন, এটি কীভাবে সম্ভব? এই ঘটনায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও তুলেছেন রিটকারী আইনজীবী শিশির মনির।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের শিশির মনির বলেন, আপিল বিভাগে মামলার নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বাতিল করে সরকার আদালত অবমাননা করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদালত অবমাননার আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। একইসঙ্গে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছিল। পরে বিএনপি সরকার সেই অধ্যাদেশ বাতিল করে দেয়।

তবে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত এক রায়ে হাইকোর্ট তিন মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ।

Scroll to Top