প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ৩৪ ধারায় গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করার কথা বলা আছে। আইনে গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল, আরোহন, ব্যবহার ও সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
শুধু আইন নয়, ভবন নির্মাণের ক্ষেত্রেও প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ভবনের নিরাপত্তা, ব্যবহারযোগ্যতা ও সবার জন্য প্রবেশগম্যতার বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। বিশেষ করে গণব্যবহার্য ভবনে র্যাম্প, চলাচলের পথ ও ব্যবহারযোগ্য টয়লেটের মতো বিষয়গুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা ও অন্য বড় শহরে অনেক রেস্তোরাঁ ও ক্যাফে ভবনের দোতলা বা তিনতলায়। কোথাও প্রবেশপথ সরু, কোথাও সিঁড়িই একমাত্র ভরসা। অনেক আবাসিক হোটেলেও হুইলচেয়ার ব্যবহারকারীদের ওঠানামার মতো ব্যবস্থা নেই। ফলে একজন প্রতিবন্ধী মানুষকে বাইরে খেতে যাওয়া, অতিথি হয়ে থাকা বা সামাজিক আয়োজনে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়।



