আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু | চ্যানেল আই অনলাইন

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু | চ্যানেল আই অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (১৭ মে) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলা হয়। চলতি বছরের ৯ এপ্রিল ঘোষিত রায়ে সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর এবার তাকে কারাগারে পাঠানোর মাধ্যমে সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হলো।

Scroll to Top