আবারও বড় কোন দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন জাবি আলোনসো। বেয়ার লেভারকুসেনের সঙ্গে সফল মৌসুম কাটিয়ে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখানে সময়টা সুখকর ছিল না স্প্যানিয়ার্ডের। ৪ বছর মেয়াদে এবার চেলসির ডাগআউট সামলাতে চলেছেন।
আলোনসো চেলসির সঙ্গে চার বছরের চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন । ৪৪ বর্ষী কোচ আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, জানিয়েছে ইংলিশ ক্লাবটি। গতমাসে লিয়াম রোজেনিয়ারকে বরখাস্ত করেছে ব্লুজরা।
লিভারপুলের একটি হতাশাজনক মৌসুমের পর আর্নে স্লটের উপর বেশ চাপ বেড়েছে। সে কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোনসোর লিভারপুলের কোচ হওয়ার আলোচনা উঠেছিল। তিনি খেলোয়াড় হিসেবে পাঁচ মৌসুম কাটিয়েছেন অলরেডদের হয়ে।
গত জানুয়ারিতে আট মাসেরও কম সময় দায়িত্বে থাকার পর রিয়াল তাকে বরখাস্ত করেছিল। গত গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়ার আগে ২০২৩/২৪ মৌসুমে সিনিয়র ক্লাব কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন তারকা স্প্যানিয়ার্ড। প্রথম মৌসুমে লেভারকুসেনের হয়ে কোন ম্যাচ না হেরে ক্লাবটিকে প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দেন এবং জার্মান কাপ জিতেছিলেন।




