ভরিতে ৪ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

ভরিতে ৪ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

আজ (১৬ মে) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। এর আগে গত ১৫ মে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। নতুন দামে ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।

Scroll to Top