যুক্তরাষ্ট্রভিত্তিক আইনসেবা প্রতিষ্ঠান রাজু ল’ ইউরোপে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পর্তুগালে আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেছে। এর মাধ্যমে অভিবাসন, বিনিয়োগ ও আন্তর্জাতিক আইনি সহায়তায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) পর্তুগালের রাজধানী লিসবনের ওদিভেলাস এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথি, বিশিষ্টজন ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান আইনজীবী রাজু মহাজন, পর্তুগিজ আইনজীবী রিতা ব্যাপতিস্তা আন্তুনেজ, আবদুল্লাহ ওমর নাসিফ, শহীদ আহমদ (প্রিন্স) এবং এস ইসলাম শুভসহ আরও অনেকে। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বক্তব্যে রাজু মহাজন বলেন, পর্তুগালে রাজু ল’ এর আনুষ্ঠানিক যাত্রা যুক্তরাষ্ট্র ও পর্তুগালের মধ্যে অভিবাসন, বিনিয়োগ এবং পেশাগত সংযোগকে আরও শক্তিশালী করবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধভাবে পর্তুগালে যেতে আগ্রহীরা প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ নিতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তিরা বৈধ বা অবৈধ যেকোনো অবস্থায় থাকলেও যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে নির্ধারিত আইনগত শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করে সেই সুযোগ অর্জন করা সম্ভব।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশেও রাজু ল’ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে অভিবাসন ও বিনিয়োগসংক্রান্ত সেবা দিয়ে আসছে।




