উচ্চশিক্ষায় গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নকে কেন্দ্র করে টেকসই রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার সাপোর্ট সেন্টার, উদ্ভাবনী কেন্দ্র ও স্টার্টআপ ইনকিউবেটর স্থাপন, গবেষণা অবকাঠামোতে বাজেট বৃদ্ধি এবং সফট স্কিল ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ এসেছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত “বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রোডম্যাপ” শীর্ষক জাতীয় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব সুপারিশ করা হয়। সোমবার (১২ মে ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা বক্তব্য দেন।
কর্মশালায় উচ্চশিক্ষার পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে পৃথক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সেশন শেষে সুপারিশসমূহ উপস্থাপন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, কর্মশালার সুপারিশগুলো উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুপারিশে বলা হয়, যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিতকরণ, পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণা সম্প্রসারণ, শিল্পখাতের সঙ্গে যৌথ গবেষণা তহবিল গঠন, আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বাধ্যতামূলক করা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম জোরদারের মতো বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া উচিত।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, প্রযুক্তি স্থানান্তর অফিস, আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুর সুপারিশ করা হয়। আধুনিক ল্যাব সুবিধা বৃদ্ধি, পেটেন্ট নীতি হালনাগাদ এবং বাস্তব সমস্যাভিত্তিক গবেষণার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উচ্চশিক্ষা খাতে সুশাসন নিশ্চিত করতে ইউজিসির সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, পারফরম্যান্সভিত্তিক অর্থায়ন এবং কেন্দ্রীয় গবেষণা ডাটাবেস তৈরির সুপারিশ এসেছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ তারিখ (মঙ্গলবার) সকালে এ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।






