চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া | চ্যানেল আই অনলাইন

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন দিনের উচ্চপর্যায়ের চীন সফরে সঙ্গে যাচ্ছেন না তার স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২০১৭ সালের জাঁকজমকপূর্ণ চীন সফরে সক্রিয়ভাবে অংশ নেওয়া মেলানিয়ার এবারের অনুপস্থিতি কূটনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে।

আজ (১৩ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে সাউথ চায়না মনিং পোস্ট জানিয়েছে, মার্কিন ফার্স্ট লেডির দপ্তর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে মেলানিয়া ট্রাম্প এবার প্রেসিডেন্টের সফরসঙ্গী হচ্ছেন না। তবে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এবারের সফর মূলত কৌশলগত ও অর্থনৈতিক ইস্যুকেন্দ্রিক হওয়ায় আগের মতো সাংস্কৃতিক বা আনুষ্ঠানিক আয়োজন কম গুরুত্ব পাচ্ছে। শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরে মেলানিয়া ট্রাম্প বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সে সময় তিনি চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। তারা একসঙ্গে স্কুল পরিদর্শন, পিকিং অপেরা উপভোগ এবং চীনা সংস্কৃতিভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

সেই সফরে মেলানিয়া চীনের মহাপ্রাচীর ঘুরে দেখেন এবং বেইজিং চিড়িয়াখানায় পান্ডা প্রদর্শনীও পরিদর্শন করেন। এদিকে, মেলানিয়ার অনুপস্থিতি নিয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

Scroll to Top