টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল | চ্যানেল আই অনলাইন

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নির্মাণের পরিকল্পনা থাকা বিলাসবহুল ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল করা হয়েছে। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের এই প্রকল্প বাতিলের জন্য টক্সিক হয়ে ওঠা ট্রাম্প ব্র্যান্ড এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে দায়ী করেছেন প্রকল্প সংশ্লিষ্ট ডেভেলপাররা।

আজ (১৩ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মাত্র তিন মাস আগে ঘোষিত এই প্রকল্পটি গোল্ড কোস্টে নির্মাণের কথা ছিল। ৯১ তলা বিশিষ্ট ভবনটি ৩৩৫ মিটার উচ্চতা নিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ভবন হওয়ার দাবি করা হয়েছিল। এটি উচ্চতায় দ্য শার্ডকেও ছাড়িয়ে যেত।

তবে সম্প্রতি প্রকল্পসংক্রান্ত সব তথ্য ট্রাম্প অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ডেভেলপার প্রতিষ্ঠান অলটাস প্রপার্টি গ্রুপ চুক্তির গুরুত্বপূর্ণ আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে অলটাস প্রপার্টি গ্রুপ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভিড ইয়াং বলেন, ইরান যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ায় ট্রাম্প ব্র্যান্ড দিন দিন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছিল। তাই তারা আগেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রকল্পটি পুরোপুরি বাতিল হয়নি; বরং নতুন কোনো বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে এটি চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী কার্যক্রম পরিচালক কিম্বারলি বেঞ্জা পাল্টা অভিযোগ করে বলেন, দীর্ঘ আলোচনার পরও অলটাস প্রপার্টি গ্রুপ প্রয়োজনীয় আর্থিক শর্ত পূরণ করতে পারেনি। বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা কেবল নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্টে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। ভবনটিতে ২৮৫টি হোটেল কক্ষ, ২৭২টি বিলাসবহুল আবাসিক ইউনিট, দোকান, রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বিচ ক্লাব থাকার কথা ছিল। তবে শুরু থেকেই প্রকল্পটি স্থানীয়দের মধ্যে বিতর্ক তৈরি করে।

Scroll to Top