দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করলেও বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বাঙালি কমিউনিটির নানা আয়োজনে অংশ নিয়ে পারফর্ম করছেন জায়েদ খান। এবার এমন একটি পারফর্ম করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন দেশীয় চলচ্চিত্রের এই অভিনেতা।
তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কয়েক জায়গায় পুড়ে গেছে। চিকিৎসা শেষে এখন বিশ্রামে আছেন ‘অন্তরজ্বালা’ খ্যাত অভিনেতা। তার ভাষ্য, আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতেন তিনি।
ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন জায়েদ। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি মোটরসাইকেল নিয়ে মঞ্চে এন্ট্রি করতে যান। মোটরসাইকেলে সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স (একটি পাত্রে আগুন থাকে) ছিল, সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে।
দ্রুত নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম করেন তিনি। অনুষ্ঠান শেষে জায়েদ খানকে চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার ওকলাহোমা থেকে হোয়াটসঅ্যাপে জায়েদ খান বিষয়টি জানিয়ে বলছেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।’
ঘটনার বিবরণ দিচ্ছিলেন জায়েদ খান, ‘আসলে আমি যখন মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করছিলাম, তখন সামনে ও পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। কিন্তু যখন মঞ্চের ভেতর ঢুকব, তখনই আগুন ছিটকে এসে গায়ে লাগে। দ্রুত আমাকে রেসকিউ করে সেখানে দায়িত্বরতরা, না হলে পুড়ে ছাই হয়ে যেতাম। কেননা আশপাশে সবকিছুই পুড়ে যেত।’
অনেক দিন ধরেই দেশটিতে রয়েছেন জায়েদ খান। কবে ফিরবেন, তা নিশ্চিত করে বলতেও পারছেন না।




