হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়–এর কাছাকাছি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে ব্যস্ত সড়কে চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে আহত অবস্থায় বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনের নাম ৪৬ বছর বয়সী টাইলার ব্রাউন। তিনি বোস্টনের বাসিন্দা।

মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান জানান, সোমবার (১১ মে) দুপুর প্রায় দেড়টার দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ব্লক দূরে রিভার স্ট্রিটের কাছে মেমোরিয়াল ড্রাইভে এ ঘটনা ঘটে। এ সময় ব্রাউন আচমকা চলন্ত ও যানজটে আটকে থাকা গাড়িগুলোর দিকে গুলি ছুড়তে থাকেন। আতঙ্কে লোকজন গাড়ি ছেড়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং অনেকে আশ্রয় নিতে নিচু হয়ে লুকিয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটের দিকে বোস্টন পুলিশ কেমব্রিজ পুলিশকে সতর্ক করে জানায়, টাইলার ব্রাউন একটি রাইফেল নিয়ে অস্বাভাবিক আচরণ করছেন এবং তাকে কেমব্রিজ এলাকায় দেখা গেছে। এরপর ম্যাসাচুসেটস স্টেট পুলিশ ও কেমব্রিজ পুলিশ ঘটনাস্থলে যায়।

কর্তৃপক্ষের ভাষ্য, পুলিশ পৌঁছানোর আগেই ব্রাউন মেমোরিয়াল ড্রাইভের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অ্যাসল্ট-স্টাইল রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন। এতে পৃথক দুটি গাড়িতে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত বোস্টনের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের একজন রাইড-শেয়ার ধরনের একটি গাড়িতে এবং অন্যজন নিজের ব্যক্তিগত সেডান গাড়িতে ছিলেন।

মারিয়ান রায়ান বলেন, হামলাকারীর সঙ্গে গুলিবিদ্ধ ব্যক্তিদের কোনো সম্পর্ক ছিল বলে মনে করার কারণ নেই।

ঘটনার সময় ম্যাসাচুসেটস স্টেট পুলিশের এক ট্রুপার এবং আগ্নেয়াস্ত্র বহনের লাইসেন্সধারী সাবেক এক মেরিন সদস্য ব্রাউনের দিকে এগিয়ে যান। এ সময় পুলিশের গাড়িতেও গুলি লাগে। পরে ট্রুপার ও ওই সাবেক মেরিন দুজনই পাল্টা গুলি চালালে ব্রাউন শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে ট্রুপার ও সশস্ত্র ওই বেসামরিক ব্যক্তির দ্রুত পদক্ষেপের কারণে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গুলিতে অন্তত এক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে স্টেট পুলিশের গাড়ি এবং একটি ডাকবাহী ট্রাকও রয়েছে, যার উইন্ডশিল্ডে গুলি লাগে। ঘটনাস্থলের আশপাশে কয়েকজনকে গাড়ির নিচে লুকিয়ে থাকতে দেখা যায়।

মারিয়ান রায়ান বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত ব্যস্ত এলাকা ছিল এবং এতে বহু মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তিনি আরও জানান, ব্রাউনের বিরুদ্ধে হত্যাচেষ্টার উদ্দেশ্যে সশস্ত্র হামলা, আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হবে। পাশাপাশি তিনি ম্যাসাচুসেটসের প্রবেশন বা প্যারোল বিভাগের তত্ত্বাবধানে ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

Scroll to Top