সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত | চ্যানেল আই অনলাইন

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত | চ্যানেল আই অনলাইন

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাকে সুন্দরবন থেকে লোকালয়ে উদ্ধার করে আনেন অন্য মৌয়ালরা। এর আগে রোববার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙছিলেন (আহরণ)। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলে পড়ে।

এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করা হয়েছে।

বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, আমরা একসাথে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, বিষয়টি মাত্র আমরা জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

Scroll to Top