শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন উদ্বোধনী জুটি। দুই ব্যাটারের দ্রুতই পতনের পর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ম্যাচের নিয়ন্ত্রণ নেন। দ্বিতীয় ইনিংসেও এর ব্যতিক্রম হয়নি। ২৩ রানে দুই ওপেনার ফিরে যান। এরপর ফের হাল ধরেছেন মুমিনুল-শান্ত জুটি। তাদের অবিচ্ছিন্ন জুটিতে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে ১২০ রানের লিড নিয়েছে টিম টাইগার্স।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শেষদিকে ব্যাটে নেমে ১.৫ ওভারে ৭ রানে দিনের খেলা শেষ করেছিলেন জয় ও সাদমান। ৩২ রানে এগিয়ে চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেটে ৯৩ রান তুলেছে বাংলাদেশ। সবমিলিয়ে ১২০ রান লিড পেয়েছে টিম টাইগার্স।

সোমবার কোনো উইকেট না হারিয়ে ৭ রান নিয়ে বাংলাদেশ দিনের খেলা শুরু করে। আগের দিন বৃষ্টির জন্য ১০০ মিনিট খেলা নষ্ট হওয়ায় ওভার পুষিয়ে নিতে আজ ১৫ মিনিট আগে সকাল পৌনে ১০টায় খেলা মাঠে গড়ায়।

দিনের শুরুতেই মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। গুড লেন্থের বলে ফ্লিক করতে গিয়ে জয় লাইন মিস করে। বল তার প্যাডে হাঁটু বরাবর আঘাত হানে। ৫ রান করেন। দলীয় ২৩ রানে আরেক ওপেনার সাদমান ইসলামের উইকেট তুলে নেন হাসান আলী। নিজের প্রথম ওভারেই এই পেসার বাড়তি বাউন্সে অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে বল ছোড়েন। সাদমান রক্ষণাত্মক ভঙ্গিতে সামনের পায়ে এগোলে বল আচমকা লাফিয়ে উঠে। ব্যাটের উপরের কানা ছুঁয়ে গালিতে গেলে সহজ ক্যাচ নেন সৌদ শাকিল। ১০ রান করেন।

দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সেখান থেকে মুমিনুল-শান্ত জুটি ৭০ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন। মুমিনুল ৩৭ ও শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম ইনিংসে ৪১৩ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

Scroll to Top