ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা | চ্যানেল আই অনলাইন

ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা | চ্যানেল আই অনলাইন

নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) ফ্যাক্টরিগুলোর সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৪ মে মিলার্স ফর নিউট্রিশন কোয়ালিশনের উদ্যোগে এবং টেকনোসার্ভের বাস্তবায়নে, গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) ও রাজশাহীর আশ্রয় সেন্টারে ‘ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) ফ্যাক্টরিতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এফএসএমএস) শক্তিশালীকরণ: অর্জন, ঘাটতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার লক্ষ্য ছিল এফআরকে ফ্যাক্টরিগুলোতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এফএসএমএস) বাস্তবায়ন জোরদার করা, অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা। এতে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উচ্চমানের ফর্টিফাইড চাল উৎপাদনের সক্ষমতা অর্জন করেন। দেশের ১৩টি এফআরকে ফ্যাক্টরির প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। সমাপনীতে তারা ফ্যাক্টরিগুলোতে এফএসএমএস আরও জোরদার এবং নিরাপদ ও মানসম্মত ফর্টিফাইড চাল উৎপাদনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে ৩ মে বগুড়ার আরডিএ-তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের পরিচালক (সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগ) মো. জহিরুল ইসলাম খান। তিনি সরকারের চাল ফর্টিফিকেশন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং ভবিষ্যতে ক্রয়াদেশে ফুড সেফটি সিস্টেম সার্টিফিকেশন বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানান।

টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহম্মেদ জানান, গত আট মাসে (সেপ্টেম্বর ২০২৫–এপ্রিল ২০২৬) কারিগরি সহায়তার মাধ্যমে এফআরকে কারখানাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

কারিগরি সেশনে সিনিয়র ফুড ফর্টিফিকেশন স্পেশালিস্ট মো. নাঈম জোবায়ের এবং এফএসএমএস কনসালট্যান্ট মো. মেহেদী হাসান ফ্যাক্টরিগুলোর উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন। এতে হাসিসিপি ও আইএসও ২২০০০-এর মতো আন্তর্জাতিক মান অনুসরণ এবং উৎপাদন নিরাপত্তা বৃদ্ধির অগ্রগতি তুলে ধরা হয়। কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বগুড়ার রূপসী রাইস ফ্লাওয়ার অ্যান্ড পুষ্টি মিল এবং রাজশাহীর কামাল অটো রাইস মিলের এফআরকে ইউনিট পরিদর্শন করেন। সেখানে তারা আধুনিক উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ এবং প্রিমিক্স ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করেন।

তবে কর্মশালায় কিছু চ্যালেঞ্জও চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে ডকুমেন্টেশন ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রিমিক্স ব্যবস্থাপনায় অসামঞ্জস্য এবং অভ্যন্তরীণ অডিট ব্যবস্থার দুর্বলতা। এসব সমস্যা সমাধানে ব্যবস্থাপনা পর্যায়ে অঙ্গীকার জোরদার, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভূঁইয়া জাতীয় পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এফআরকে উৎপাদনে ফুড সেফটি ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

এছাড়া কামাল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন এবং আনোয়ার ফর্টিফাইড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন এ উদ্যোগের প্রশংসা করে ধারাবাহিক কারিগরি সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি’র সিনিয়র প্রোগ্রাম পলিসি অফিসার ড. মোহাম্মদ মাহবুবর রহমান এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার ইঞ্জিনিয়ার মো. আকিব আবরার।

উল্লেখ্য, মিলার্স ফর নিউট্রিশন কর্মসূচিটি টেকনোসার্ভের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত। এর সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন অংশীদার সংস্থা যুক্ত রয়েছে, যারা খাদ্য প্রক্রিয়াকরণ ও ফর্টিফিকেশন কার্যক্রম উন্নয়নে কাজ করছে।

Scroll to Top