বাংলাদেশে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসা জোরদারে ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার চিকিৎসা কোর্সের ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার একটি শীর্ষস্থানীয় যক্ষ্মা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, এই সহায়তা বাংলাদেশের যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে। তিনি বলেন, এই অনুদান দেশের গুরুত্বপূর্ণ সরবরাহ ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে চলমান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, এই সহায়তা যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছর মেয়াদি কাঠামোর আওতায় প্রদান করা হয়েছে, যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে তাদের প্রতিশ্রুতির অংশ।




