ইরানের প্রতি রাশিয়ার সমর্থন ছিল, থাকবে: পুতিন

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন ছিল, থাকবে: পুতিন

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন ছিল, থাকবে: পুতিনমধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনার মাঝে ওমান ও পাকিস্তানের পর রাশিয়া সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মস্কোতে অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।

বৈঠকে পুতিন স্পষ্ট করে জানান, তেহরানের সঙ্গে রাশিয়ার যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে। তিনি এই সম্পর্ককে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। বৈঠকের এক পর্যায়ে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি তার গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরাগচিকে অনুরোধ করেন যেন তার এই বিশেষ বার্তাটি এবং কৃতজ্ঞতাসূচক শব্দগুলো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে পুতিন মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করে নিজের শুভকামনা জানান। এই আন্তরিক বার্তা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যকার গভীর আস্থার বিষয়টি আবারও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাগচির মধ্যে বৈঠক নিয়ে এ তথ্য প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম তাস। তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আব্বাস আরাগচিকে পুতিন বলেছেন, দ্রুততম সময়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তার সবকিছুই করবো। আমাদের অবস্থান সম্পর্কে আপনারা ভালোভাবেই অবগত আছেন। বৈঠকে কূটনৈতিক আলোচনার পাশাপাশি যুদ্ধের কঠোর বার্তা দিয়ে আব্বাস আরাগচি বলেন, পুরো বিশ্ব দেখেছে যে ইরানের জনগণ তাদের সাহসিকতা ও প্রতিরোধের মাধ্যমে মার্কিন আক্রমণ ও আগ্রাসন রুখে দিতে সক্ষম হয়েছে। আমরা এই সংকটকাল কাটিয়ে উঠবো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো।

ভ্লাদিমির পুতিন ইরানের নতুন নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি, সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ইরানের জনগণ তাদের নতুন নেতার অধীনে এই কঠিন সময় ও পরীক্ষা সফলভাবে মোকাবেলা করবে এবং শান্তি ফিরে আসবে।

Scroll to Top