২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ২৮ কোটি টাকা, ফুটবল বিশ্বে তোলপাড় – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ২৮ কোটি টাকা, ফুটবল বিশ্বে তোলপাড় – DesheBideshe


২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ২৮ কোটি টাকা, ফুটবল বিশ্বে তোলপাড় – DesheBideshe

ওয়াশিংটন, ২৫ এপ্রিল – ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে টিকিটের দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ কোটি টাকারও বেশি। ২০২৬ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিটলাইফ স্টেডিয়ামে এই মহারণ অনুষ্ঠিত হবে।

ফিফা সরাসরি এসব টিকিটের মূল্য নির্ধারণ না করলেও প্রতিটি লেনদেন থেকে বড় অঙ্কের কমিশন সংগ্রহ করছে। ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকে ১৫ শতাংশ করে কমিশন নেওয়ায় এই চারটি টিকিট বিক্রি থেকে সংস্থাটি কয়েক মিলিয়ন ডলার আয় করতে পারে। শুধু টিকিট নয়, বিশ্বকাপের ভেন্যুগুলোতে হোটেল ভাড়া এবং যাতায়াত খরচও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কিছু শহরে আবাসন খরচ চার গুণ পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।

বিশ্বকাপের এই অতি বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পেপ গার্দিওলা। তিনি মন্তব্য করেন যে, একসময় বিশ্বকাপ ছিল সাধারণ মানুষের উৎসব, কিন্তু এখন তা সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রমবর্ধমান সমালোচনার মুখে ফিফা জানিয়েছে, জাতীয় ফুটবল সংস্থাগুলোর মাধ্যমে তারা সীমিত সংখ্যক টিকিট তুলনামূলক কম দামে বিতরণের উদ্যোগ নেবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ডায়নামিক প্রাইসিং এবং রিসেল ব্যবস্থার কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। অনেকেই এই পরিস্থিতিকে সাধারণ সমর্থকদের প্রতি এক ধরনের অবিচার হিসেবে দেখছেন।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬



Scroll to Top