১৯ দিনে এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স, মাস শেষে ৩ বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা – DesheBideshe

১৯ দিনে এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স, মাস শেষে ৩ বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা – DesheBideshe


১৯ দিনে এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স, মাস শেষে ৩ বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা – DesheBideshe

ঢাকা, ২০ এপ্রিল – আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকারও বেশি। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কোরবানির ঈদকে সামনে রেখে পশু কেনা এবং পরিবারের অতিরিক্ত ব্যয়ের কথা বিবেচনা করে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন। এর প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা হিসেবে এই বিপুল পরিমাণ অর্থ দেশে এসেছে।

এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০২ কোটি ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে সর্বমোট দুই হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি।

গত অর্থবছরের এই সময় পর্যন্ত রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬



Scroll to Top