সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা | চ্যানেল আই অনলাইন

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা | চ্যানেল আই অনলাইন

প্রথম ওয়ানডেতে নামের প্রতি সুবিচার করতে পারেননি নাহিদ রানা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালেন নাহিদ রানা। কিউই ব্যাটারদের ওপর রীতিমতো অগ্নিঝরা বোলিং করেছেন। রানার ৫ উইকেটে ভর করে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রত্যাবর্তনের গল্প শোনালেন নাহিদ। জানালেন, আজকের দিনটা তার ছিল।

সিরিজ বাঁচানোর ম্যাচে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাহিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাবর্তন নিয়ে এই পেসার বলেন, ‘আগের ম্যাচে পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন হয়নি, ভালো জায়গায় বল করতে পারিনি। তবে সেই ভুলগুলো নিয়ে বসে থাকিনি। আজ লক্ষ্য ছিল নির্দিষ্ট জায়গায় বল করা এবং সেটি করতে পেরেছি।’

তিনি বলেন, ‘সব দিন সবার জন্য ভালো যায় না। আগের ম্যাচে আমার দিন ছিল না। তবে আজ নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরে সফল হয়েছি।’

দলের জয়ে ইমপ্যাক্ট রাখাটা মূল লক্ষ্য নাহিদের। তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দলের জন্য ইমপ্যাক্ট পারফরম্যান্স করার। সেটা হতে পারে একটা নির্দিষ্ট স্পেল বা একটা ওভার, যেকোনো সময় হতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমার দলকে জেতানোর জন্য একটা ওভারও ভালো করতে পারি এবং সেই ওভারটা যদি আমার দলের জয়ে প্রভাব ফেলে, তাহলেই আমি খুশি।’

‘সবগুলোই আমার কাছে বিশেষ এবং প্রতিটি উইকেটই আলহামদুলিল্লাহ্ আমার কাছে ভালো লাগে। উইকেট একজন বোলারের কাছে কম-বেশি হয় না। আমি দলের জন্য ইমপ্যাক্টফুল পারফরম্যান্স দেখাতে পেরেছি, এটার জন্যই শুকরিয়া। আমার কাছে সবগুলো উইকেটই একই রকম মনে হচ্ছে।’

Scroll to Top