৬৯ হাজার রোহিঙ্গাকে ‘বাংলাদেশি পাসপোর্ট’ দিতে সৌদির তাগিদ | চ্যানেল আই অনলাইন

৬৯ হাজার রোহিঙ্গাকে ‘বাংলাদেশি পাসপোর্ট’ দিতে সৌদির তাগিদ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়ে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি আরও গতিশীল করতে বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সতর্ক করে বলেন, পাসপোর্ট প্রদান কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। যেসব মিয়ানমার নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা বৈধ বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দেন তিনি।

এছাড়া সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। জবাবে মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তিনি দেশটি সফর করতে পারেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top