আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন শান মাসুদই। তবে প্রধান কোচের দায়িত্বে এসেছে নতুন মুখ।
এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
গত কয়েক মাস ধরেই টেস্টে পাকিস্তানের প্রধান কোচের পদটি শূন্য পড়ে ছিল। সরফরাজ প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন, এমন গুঞ্জন ছিল। সেটিই সত্যি হয়েছে।
পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন চারজন নতুন মুখ— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) লাল বলের ক্যাম্পে আছেন। স্কোয়াডে থাকা বেশির ভাগ ক্রিকেটারই খেলছেন পিএসএলে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের আগে করাচিতে একটি বিশেষ ক্যাম্প হবে, সেটি শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ১ মে পর্যন্ত ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান দল।
যারা বর্তমানে পিএসএল খেলছেন, দলের খেলা শেষ করে তাঁরা ক্যাম্পে যোগ দেবেন। দল পিএসএলের ফাইনালে উঠলে টুর্নামেন্ট শেষ করে সরাসরি বাংলাদেশে পৌঁছাবেন খেলোয়াড়েরা। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।
পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।



