বিজ্ঞাপন এবং ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ১ কোটি রুপির ক্ষতিপূরণ মামলাটি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। পাওয়ার সোপস লিমিটেড নামক একটি কোম্পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ছবি প্রচারণায় ব্যবহার করেছে এমন অভিযোগ তুলেই এই আইনি লড়াই শুরু করেছিলেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ২০০৮ সালের ৭ অক্টোবর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন তামান্না। চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত ওই পণ্যের মোড়কে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল।
অভিযোগ অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি তার অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে ছবি ব্যবহার করে। এতে তার পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী। এ কারণে তিনি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন।
এর আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রায় ৬.২ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। তবে বিজ্ঞাপনটি নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হলে প্রতিষ্ঠানটি পরবর্তীতে তার প্রচার কার্যক্রম বন্ধ করে দেয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মাদ্রাজ উচ্চ আদালত মামলার নথিপত্র ও উপস্থাপিত যুক্তি পর্যালোচনা করে জানায়, ক্ষতিপূরণের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি তামান্না ভাটিয়া। ফলে তার আবেদন খারিজ করে দেওয়া হয়।



