ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান-এর সঙ্গে আবারও জুটিবদ্ধ হলেন ছোটপর্দা থেকে বড়পর্দায় আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। গেল বছর ‘তাণ্ডব’ সিনেমায় এই জুটির রসায়ন দর্শকের নজর কাড়ে।
এবার আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল রোম্যান্টিক ছবি ‘রকস্টার’-এও একসঙ্গে দেখা যাবে শাকিব-সাবিলাকে! দীর্ঘদিন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত একটি পোস্টার যেন সেই জল্পনার অবসান ঘটিয়েছে।
পোস্টারে দেখা যায়, প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে রোম্যান্টিক আবহে হাজির হয়েছেন শাকিব-সাবিলা। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই স্পর্শে ডুবে থাকা শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি—সব মিলিয়ে এক আবেগঘন সিনেমাটিক দৃশ্য।
পোস্টারটি প্রকাশের সময় একটি গানের লিরিকও ক্যাপশন হিসেবে যুক্ত করা হয়—“জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…”। যা থেকে স্পষ্ট, ছবিটিতে রোম্যান্সের পাশাপাশি সংগীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘মনপুরা’ ও ‘হাওয়া’-র মতো প্রশংসিত চলচ্চিত্র প্রযোজনা করা সান কমিউনিকেশন-এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’। ছবিটির পরিচালক আজমান রুশো।
জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে এর কাজ। ইতোমধ্যে অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে এবং মে মাসের প্রথম সপ্তাহেই ক্যামেরা ক্লোজ হওয়ার কথা রয়েছে।




