বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত | চ্যানেল আই অনলাইন

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আপাতত স্থগিত করা হয়েছে। ফলে পূর্বনির্ধারিত ১৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দেশব্যাপী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে নির্বাচন পেছানোর আবেদন পাওয়ায় বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এসব প্রেক্ষাপটে সাধারণ ও আঞ্চলিক উভয় আসনের মোট ১৪টি পদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় ১৯ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Scroll to Top