তিন দিনের সরকারি সফরে নিজের জেলা ভোলায় যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। তার এই আগমনকে কেন্দ্র করে ভোলার স্থানীয় রাজনীতিতে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংসদ সচিবালয়ের সফরসূচি অনুযায়ী, স্পিকার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা দেবেন। পদ্মা সেতু ও বরিশাল হয়ে বিকেল ৩টার দিকে তার ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের প্রথম দিন বিকেলে ৫টায় স্পিকার তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে তার সম্মানে আরও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সফরের শেষ দিন শনিবার সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন স্পিকার। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে সেদিনই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।



