বনানীতে ১১ তলা ভবনে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে | চ্যানেল আই অনলাইন

বনানীতে ১১ তলা ভবনে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে | চ্যানেল আই অনলাইন

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে লাগা অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ তলা ভবনটির ওপরতলায় এই আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বনানীর কাঁচাবাজার এলাকার ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসায় আগুন লাগে। ১১ তলা ভবনটির ওপরতলায় প্রথম আগুন দেখা যায়। সংবাদ পাওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলটি প্রায় ৪ কিলোমিটার দূরে হওয়ায় শুরুতে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। সব মিলিয়ে সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত সোয়া ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি এবং ভবনে থাকা কেউ হতাহত হননি। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

Scroll to Top