চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল ব্লেসিং মুজারাবানির। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। চুক্তির শর্ত ভঙ্গ করায় পিএসএলর পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পেশাদার ক্রিকেট চলে পারস্পরিক বিশ্বাস এবং চুক্তির ওপর ভিত্তি করে। মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন, যা টুর্নামেন্টের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেকহোল্ডারদের আস্থার পরিপন্থী।
পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন। চুক্তিবদ্ধ হওয়ার পর এভাবে টুর্নামেন্ট ছেড়ে দেওয়াকে অপেশাদার আচরণ ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি।
মুজারাবানিই প্রথম নন, চলতি মৌসুমে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছিলেন। একের পর এক বিদেশি খেলোয়াড়দের এমন আচরণে লিগের মান ও নির্ভরযোগ্যতা ধরে রাখতে এবার কঠোর অবস্থান নিল পিসিবি।


