
ঢাকা, ১৩ এপ্রিল – ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর অভিনয় জীবনের দুই দশক পূর্ণ হয়েছে। ২০০৪ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে বর্তমানে ওটিটি মাধ্যমেও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারের উত্থান পতন, ব্যক্তিগত জীবনের নানা সংকট এবং বহুল আলোচিত ‘মুজিব’ সিনেমা নিয়ে চলমান বিতর্কের খোলামেলা জবাব দিয়েছেন।
২০২৪ সালকে নিজের জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। তিনি জানান এই বছরেই তিনি তার সবচেয়ে কাছের মানুষ মাকে হারিয়েছেন এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনেরও অবসান ঘটেছে। পাশাপাশি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন শুভ। পরবর্তীতে গুঞ্জন ওঠে যে এর বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে দশ কাঠার একটি প্লট উপহার পেয়েছেন।
এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন তাকে কোনো জমি দেওয়া হয়নি। তিনি কেবল অন্যান্য ১৫১ জন শিল্পীর মতো একটি আবেদন করেছিলেন। এক টাকা নেওয়ার বিষয়টি ছিল তার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগের বহিঃপ্রকাশ এবং জমির আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। তিনি আরও জানান সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি এবং তিনি সেখানে কখনো যাননি।
রাজনীতি সম্পর্কে নিজের জ্ঞান অত্যন্ত সীমিত উল্লেখ করে শুভ বলেন যে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি সারাজীবন কেবল অভিনয়ই করেছেন এবং তাকে কেউ কখনো রাজনৈতিক কোনো কাজের সাথে জড়াতে পারবে না।
এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি, কারণ এর মাধ্যমে প্রকৃত মানুষদের চিনতে পেরেছেন বলে মনে করেন শুভ।
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মায়ের নয় বছরের সেবা এবং তার কঠিন সংগ্রামের কথা স্মরণ করে তিনি জানান যে মা স্বল্প বেতনে চাকরি করে তাদের বড় করেছেন। দেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
সম্প্রতি মুম্বাইয়ের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে ‘সিটি’ নামের নতুন একটি কাজে যুক্ত হয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার প্রেক্ষাপটে নির্মিত এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী।
ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬






