
ঢাকা, ৮ এপ্রিল – জাতীয় সংসদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর ১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন। এই অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বক্তব্যের শুরুতে মুজিবুর রহমান রাষ্ট্রপতির ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করায় তাকে ধন্যবাদ জানান। এরপর তিনি গাজীপুর ১ আসন থেকে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর বিএনপির প্রার্থী হিসেবে নিজের নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরেন।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় বেগম খালেদা জিয়া পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধে এই অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা উচিত। একইসঙ্গে মুক্তিযুদ্ধের নয় মাস তারেক রহমান ও আরাফাত রহমান কোকোও মায়ের সঙ্গে বন্দি জীবন কাটান। সেই বাস্তবতার নিরিখে তাদের দুজনকেও শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
এছাড়া আরাফাত রহমান কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও তিনি সংসদ অধিবেশনে অভিযোগ করেন।
জাতীয় রাজনীতির পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন মুজিবুর রহমান। তিনি গাজীপুরের সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ফ্লাইওভার নির্মাণ, বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শ্রমিক অধিকার নিশ্চিত করা এবং বনবিভাগের দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬






