বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি | চ্যানেল আই অনলাইন

বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসেছে ১০ জনের বার্সেলোনা। আরেক ম্যাচে প্যারিসে লিভারপুলের বিপক্ষে জিতেছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে স্বদেশী ক্লাবের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বার্সেলোনা। ম্যাচের ৪৪ মিনিটে পাউ কুবারসি ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুবাদে ফ্রি-কিক পায় অ্যাটলেটিকো। সেখান থেকে দুর্দান্ত এক শটে বার্সার জালে বল জড়ান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজ। ওই ব্যবধানে বিরতিতে যায় ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যালেক্সান্ডার সরলোথ। ২-০ গোলের জয় নিয়ে কাতালানদের মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ১১ মিনিটে ডিসায়ার দুওর গোলে লিড পায় ফরাসি ক্লাবটি। ম্যাচজুড়ে অলরেডদের উপর একের পর এক আক্রমণ করে গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৫ মিনিটে খভিচা কভারতসখেলিয়ার গোলে ইংলিশ ক্লাবটির বিপক্ষে ব্যবধান দিগুণ করে পিএসজি।

আগামী সপ্তাহে মেট্রোপলিটানোতে বার্সাকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংল্যান্ডের অ্যানফিল্ডে পিএসজিকে খেলতে হবে লিভারপুলের বিপক্ষে।

Scroll to Top