বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে দীর্ঘদিনের চলা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় রদবদল হয়েছে । গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তদন্তে সরকারি হস্তক্ষেপসহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। একইসাথে দেশের ক্রিকেটকে সচল রাখতে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি।
বুধবার মিরপুরে নতুন অ্যাডহক কমিটির দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল। সভার প্রধান আকর্ষণ ছিল ক্রিকেট অপারেশন্স বিভাগ নিয়ে সিদ্ধান্ত। সভাপতি জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব এককভাবে কাউকে না দিয়ে বোর্ডের সবাই মিলে সম্মিলিতভাবে সামলাবেন। আপাতত এই বিভাগের প্রধান হিসেবে নির্দিষ্ট কোনো নাম চূড়ান্ত না করে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বোর্ডের অন্যান্য বিভাগের মধ্যে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে এবং টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুকে। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন তানজিল চৌধুরী। অন্যদিকে সভাপতি তামিম ইকবাল নিজে সরাসরি তদারকি করবেন ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ বিভাগ দুটি। দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং মানোন্নয়নে আম্পায়ার্স কমিটির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার আতহার আলী খানের কাঁধে।
বিসিবির প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে ফিন্যান্স এবং ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু। ফাহিম সিনহার হাতে তুলে দেওয়া হয়েছে গেম ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো বড় আসরের দায়িত্ব। সালমান ইস্পাহানী সামলাবেন মার্কেটিং এবং ডিসিপ্লিনারি কমিটি। এছাড়াও নারী উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটির দায়িত্ব পেয়েছেন রাশনা ইমাম। সায়েদ ইব্রাহিম আহমেদকে সিকিউরিটি এবং মির্জা ইয়াসিরকে লজিস্টিকস কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এক নজরে কে কোন দায়িত্বে
তামিম ইকবাল- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস
তানজিল চৌধুরী- এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী- মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম- উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু- ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ- সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির- লজিস্টিকস
আতহার আলী খান- আম্পায়ার্স কমিটি



