শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য এনসিপির ৩ দফা দাবি | চ্যানেল আই অনলাইন

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য এনসিপির ৩ দফা দাবি | চ্যানেল আই অনলাইন

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধের জন্য সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা না হলে শিক্ষকদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামার কথাও জানিয়েছে দলটি।

বুধবার এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। চাকরি জীবনে যেমন কম মজুরি ও অসম্মানের শিকার হতে হয়, তেমনি অবসরে গিয়েও তাদের ভোগান্তির শেষ নেই। সারাজীবন চাকরি করার পর অবসরে গিয়ে প্রাপ্য অর্থ পাওয়ার জন্য শিক্ষকদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।

‘গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ শতাংশেরও বেশি শিক্ষক অবসরের টাকা না পেয়েই মৃত্যুবরণ করেন। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত হয়ে কষ্টে জীবনযাপন করছেন।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবসর জীবনের এই করুণ পরিণতি অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি, শিক্ষকদের নিজেদের কষ্টে অর্জিত ও জমানো অবসর ও কল্যাণ ফান্ডের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না; বরং শিক্ষকদের অধিকারের প্রশ্নে রাষ্ট্র হতাশাজনকভাবে নীরব। যা কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করার লক্ষ্যে এনসিপির পক্ষ থেকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট ৩ দফা দাবি উত্থাপন করে এনসিপি। সেগুলো হলো—
১। শিক্ষকদের অবসর গ্রহণের ১৮০ দিন, অর্থাৎ ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে।
২। সকল শিক্ষক তাদের বেতন থেকে কর্তনকৃত টাকার পরিমাণ জানতে পারবেন এবং সেই ফান্ড থেকে ঋণ গ্রহণের সুবিধা চালু করতে হবে।
৩। বিগত সময়ে শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে পুনরায় সেই অর্থ শিক্ষকদের ফান্ডে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।

এনসিপি জানায়, সরকারকে দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষকদের সঙ্গে নিয়ে এনসিপি কঠোর আন্দোলনের ডাক দেবে।

Scroll to Top