বিশ্ব স্বাস্থ্য দিবস আজ | চ্যানেল আই অনলাইন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ | চ্যানেল আই অনলাইন

আজ (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’— বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য খাতে কাজ করা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত সেই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠনতন্ত্র গৃহীত হয়। পরবর্তীতে ১৯৪৮ সালের ৭ এপ্রিল তা কার্যকর হলে দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুকে কেন্দ্র করে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টার-এ এক আলোচনা সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

এদিকে দিবসটি উপলক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

এর অংশ হিসেবে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনারের আয়োজন করা হয়। আজ সকাল ৯টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে।

গণমুখী এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলে জানা গেছে।

Scroll to Top