
ঢাকা, ৬ এপ্রিল – বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে দেশব্যাপী দোকান, শপিংমল, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার ৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেন।
নতুন নির্দেশনা অনুযায়ী একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আলোকে শপিংমল, দোকানপাট, সকল বিলবোর্ডের বাতি, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে মাঠ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬






