সনদ যাচাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হওয়ার প্রতিবাদে কর্মসূচি হাতে নিয়েছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের ই-মেইল যাচাই (ভেরিফিকেশন) এবং ফোনে কথা বলার বিষয়ে ‘প্রশিক্ষণ’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
এই কর্মসূচির আমন্ত্রণপত্র সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মেদকে দিয়েছেন ওই শিক্ষার্থীরা। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের ই-মেইল ও ফোন ব্যবহারের দক্ষতা বাড়ানো এবং সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত ফি পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা করা হবে।



