বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর টু’। মুক্তির ১৭তম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৪ কোটি ৩০ লাখ রুপি!
ধারণা করা হচ্ছে, আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব দ্রুতই এটি ২ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে।
আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি আয়ের দিক থেকে ইতোমধ্যে দঙ্গল’, ‘বাহুবলী টু’ এবং ‘পুষ্পা টু’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৭১ কোটি ৬৫ লাখ রুপি, যা ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয়কেও ছাড়িয়ে গেছে।
সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ১৭তম দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশের মাটিতে আয় হয়েছে ৩৮৫ কোটি রুপি।
হিন্দি সংস্করণের পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও সিনেমাটি বেশ ভালো দর্শক টানছে।
সিনেমাটির এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে দেখা যায়, এটি প্রথম সপ্তাহে ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৩ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। বিশেষত মুক্তির মাত্র ১১ দিনেই এটি প্রথম কিস্তির (ধুরন্ধর) মোট আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।
এমনকি দ্বিতীয় সপ্তাহের আয়ের দৌড়ে এটি ‘জওয়ান’ এবং ‘কেজিএফ টু’-কেও পেছনে ফেলেছে। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯ হাজার ৯৭৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ছবিটিতে রণবীর সিংয়ের অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে অভিহিত করছেন সমালোচকরা।


