সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত – DesheBideshe

সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত – DesheBideshe


সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত – DesheBideshe

সিলেট, ৬ এপ্রিল – সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনার জেরে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতে সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত কর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি এসি পুড়ে গেছে এবং পুরো এলাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

অন্যদিকে বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সার্ভার রুমে অনেক সংবেদনশীল যন্ত্রপাতি থাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছেন।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬



Scroll to Top