মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৪ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকারের এ উদ্যোগ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ২১৬০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ২ হাজার কৃষক উফশী আউশ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া ১৬০ জন কৃষককে মুগ ফসলের জন্য প্রয়োজনীয় বীজ ও সার দেওয়া হয়েছে।
এছাড়াও পেঁয়াজ সংরক্ষণে ৪০ জন কৃষককে ১২ হাজার কেজি ধারণক্ষমতার আধুনিক এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে, যা সংরক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করবে।





