
ঢাকা, ২ এপ্রিল – প্রেমিকার সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা আসামি নোবেল এদিন আদালতে হাজিরা দেন। কিন্তু তিনি পূর্বে জামিনে গিয়ে আপসের যে শর্ত দেওয়া হয়েছিল তা ভঙ্গ করেছেন।
এ কারণেই তার জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী আনাননিয়া শবনম রোজ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, রোজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেছেন নোবেল। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকেও আসামি করা হয়েছে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬





