বার্সেলোনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে স্পেনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ওই ম্যাচ চলাকালীন মুসলিম-বিরোধী ‘অসম্মানজনক ও অসহনীয়’ শ্লোগানের নিন্দা করেছেন স্পেনের ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ম্যাচটিকে কলঙ্কিত করা ওই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
আরসিডিই স্টেডিয়ামে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধে স্পেনের সমর্থকরা মুসলিম-বিরোধী গান গেয়েছিল। কারণ মিশর প্রধানত মুসলিম দেশ যেখানে তাদের রাষ্ট্রধর্ম ইসলাম। ইয়ামালকে উদ্দেশ্য করে ওই শ্লোগান দেয়া না হলেও তার ওপর এর পরোক্ষ প্রভাব পড়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইয়ামাল লিখেছেন, ‘আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে ‘লাফ না দিলে তুমি মুসলমান’ বলে শ্লোগান দেয়া হচ্ছিল। আমি জানি এটা প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল, ব্যক্তিগত কিছু নয়। কিন্তু একজন মুসলমান হিসেবে এটা এখনও অসম্মানজনক এবং সম্পূর্ণ অসহনীয়।’
‘আমি জানি যে, সব সমর্থক এমনটা করেন না। কিন্তু যারা এই ধরনের শ্লোগান দেন তাদের বলছি: স্টেডিয়ামের ভেতরে অন্যদের উপহাস করার জন্য ধর্মকে ব্যবহার করাটা অজ্ঞতা এবং বর্ণবাদী আচরণ। ফুটবল উপভোগ করার জন্য, সমর্থন দেখানোর জন্য, অন্যকে তার পরিচয় বা বিশ্বাসের জন্য অসম্মান করার জন্য নয়।’
ইয়ামালকে এ ঘটনার প্রভাব থেকে বের হতে কাতালুনিয়ার স্পোর্টস মিনিস্টার বার্নি আলভারেজ সব ধরণের সহযোগিতা করবেন জানিয়ে সংবাদমাধ্যমে বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে তাতে প্রভাব পড়া খুবই স্বাভাবিক। তার সাথে যোগাযোগ করতে পারলে আমরা তাকে সমর্থন জানাব। যা ঘটেছে তা নিন্দনীয়। এটি অত্যন্ত গুরুতর বিষয়, যার আমরা তীব্র নিন্দা জানাই।’
‘মনে হচ্ছে সবকিছু পূর্বপরিকল্পিত ছিল। যারা শ্লোগান দিচ্ছিল, তারা বিদ্বেষমূলক বক্তব্য ছড়াতেই খেলায় এসেছিল। আমার সন্দেহ হয় এ ঘটনায় জড়িতদের মধ্যে খুব কম জনেরই ক্রীড়া জগতের সাথে কোনো সংযোগ ছিল।’
এ ঘটনায় বার্সেলোনার স্থানীয় পুলিশ ‘ইসলামবিদ্বেষী ও বিদেশবিদ্বেষী শ্লোগান’ এর তদন্ত শুরু করেছে। ইএসপিএন জানিয়েছে, এ ঘটনায় স্পেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ফিফা বিভিন্ন প্রতিবেদন, রেফারি, ম্যাচ ইন্সপেক্টর ও নিরাপত্তা কর্মীদের প্রতিবেদন গ্রহণ করবে।





