
ঢাকা, ১ এপ্রিল – জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানিয়েছেন, দেশে বর্তমানে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে দুই লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ছয় লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে চার লাখ চার হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে সাত হাজার ৯৮০ জন কর্মরত রয়েছেন।
শূন্য পদের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে আট হাজার ১৩৬টি পদ ফাঁকা রয়েছে।
একই দিন সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা বাকি রাজনৈতিক মামলাগুলোও যাচাইবাছাইয়ের মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অতীতে অনেক নিরীহ মানুষ, শিক্ষক, এমনকি মৃত ও প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভুক্তভোগীদের নিজ নিজ দপ্তরে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এনএন/ ১ এপ্রিল ২০২৬





