শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবার বিয়ের খবর ঘিরে গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। মূলত তার দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকেই এই জল্পনার শুরু। অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন লুবাবা।
নতুন এক পোস্টে হবু স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে ছবিটি পেছন দিক থেকে তোলা হওয়ায় কারও মুখ স্পষ্ট বোঝা যায়নি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনও বিয়ে হয়নি।
লুবাবার ভাষ্য, “আলহামদুলিল্লাহ, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।”
তবে হবু স্বামীর পরিচয় আপাতত প্রকাশ করেননি তিনি।
এদিকে, লুবাবার বয়স নিয়ে প্রশ্ন তুলে অনেকে বাল্যবিবাহের আশঙ্কা প্রকাশ করেছেন। বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে আইনত শাস্তিযোগ্য অপরাধ।
এই প্রসঙ্গে লুবাবা স্পষ্ট করে জানান, “আমি এখনও বিয়ে করিনি। সরকারের আইন মেনে নির্ধারিত সময়েই আমাদের বিয়ে হবে, ইনশাআল্লাহ। সবার দোয়া চাই।”
প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি হিসেবে ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন তিনি। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন এই তরুণী।





