যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হলেও দেশটির উচিত দ্রুত এ যুদ্ধ থেকে বেরিয়ে আসা। গত শুক্রবার (২৭ মার্চ) থেকে গত রোববার (২৯ মার্চ) পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্স/ইপসোসের এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬৬ শতাংশ যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরানে তাদের সব লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া। আর ৬ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো উত্তর দেননি।
ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের যাঁরা জরিপে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যেও ৪০ শতাংশ মনে করেন, লক্ষ্য অর্জন না হলেও দ্রুত সংঘাত শেষ করা দরকার।
অপরদিকে ৫৭ শতাংশ রিপাবলিকান সমর্থক দীর্ঘ সময় ধরে যুদ্ধে সম্পৃক্ত থাকার পক্ষে মত দিয়েছেন।
১ হাজার ২১ জনের ওপর পরিচালিত ওই জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। আর ৩৫ শতাংশ তা সমর্থন করেছেন।





