
তেহরান, ৩১ মার্চ – ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি এক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান, শত্রুরা ইরানে হামলা চালানোর যে ভুল করেছে, এখন তারা দেশকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে যা কোনোভাবেই সম্ভব নয়।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কৌশলগত ভুলের কারণে চরম অপমানের সম্মুখীন হয়েছে এবং নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। শত্রুরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অপপ্রচার চালাচ্ছে এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করে ইরানকে নতি স্বীকার করাতে চাইছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে ইরান কখনোই কোনো শত্রুর সামনে মাথা নত করেনি।
হরমুজ প্রণালির বিষয়ে তিনি স্পষ্ট করেন, শত্রু এবং তাদের মিত্রদের জন্য বন্ধ করে দেওয়া এই প্রণালি পুনরায় চালুর যে চেষ্টা চলছে তা কখনোই সফল হবে না। তাদের এই আকাঙ্ক্ষা চিরকাল অধরাই থেকে যাবে বলে তিনি মন্তব্য করেন।
দেশের ওপর আক্রমণকারী যেকোনো আগ্রাসীকে প্রতিহত করে চরম লাঞ্ছনা ও অপদস্থতার মুখে ফেলা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন লেফটেনেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি।
এনএন/ ৩১ মার্চ ২০২৬




