মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স-এ দেওয়া এক পোস্টে সৌদি আরবকে উদ্দেশ করে বলেছেন, এখনই সময় অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার।

পোস্টে তিনি সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে জানান, ইরান সবসময় সৌদি আরবকে সম্মান করে এসেছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তিনি স্পষ্টভাবে বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের সামরিক পদক্ষেপ মূলত তাদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।
এই বার্তার প্রতীকী দিকও গুরুত্ব পেয়েছে, কারণ পোস্টের সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবি প্রকাশ করা হয়েছে—যা বিশ্লেষকদের মতে একটি শক্ত অবস্থানের ইঙ্গিত।
এদিকে, পরিস্থিতি নিয়ে মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্র থেকেও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করছেন, ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযান চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
হোয়াইট হাউস-এর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই সময়সীমার কথা বলে আসছেন এবং এখনো তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে স্থল সেনা মোতায়েনের পথ থেকেও সরে আসেনি। যদিও কূটনৈতিক সমাধানই এখনো ট্রাম্প প্রশাসনের প্রথম পছন্দ, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: বিবিসি


