বিশ্বকাপ ফুটবলের আগের দুই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি। দুইবারই প্লে-অফ থেকে বাদ পড়ার পর প্রায় এক যুগ পর আবারও বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার সুযোগ এসেছে দলটির হাতে। সেই সুযোগ মঙ্গলবার রাতে কাজে লাগাতে হবে আজ্জুরিদের। ইউরোপিয়ান প্লে-অফের চূড়ান্তপর্বে তাদের প্রতিপক্ষ বসনিয়া।
২০১৮ এবং ২০২২, টানা দুই বিশ্বকাপের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল ইতালি। সেবার ভাগ্য সহায় হয়নি ব্রাজিলের পর যৌথভাবে জার্মানির সাথে সর্বাধিক চারবার বিশ্বকাপ জয়ী ইতালির। এবার প্লে-অফ জয়ী হতে পারলে প্রায় একযুগের খরা কাটবে টোনালি-কিনদের।
ইউরোপিয়ান প্লে-অফ খেলতে যাওয়া দলগুলোর মধ্যে ইতালি নামবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, কসোভো নামবে তুরস্কের বিপক্ষে, সুইডেন খেলবে পোল্যান্ডের বিপক্ষে এবং চেক প্রজাতন্ত্র নামবে ডেনমার্কের বিপক্ষে। চার ম্যাচের জয়ী চার দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে (উয়েফা) থেকে মোট ১৬টি দল বিশ্বকাপ খেলার টিকিট পাবে। ১২টি গ্রুপ থেকে শীর্ষস্থান অর্জন করে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। বাকি ছিল চারটি দল যারা রাতে নামবে তাদের বিশ্বকাপের টিকিট কাটতে। সবগুলো খেলায়ই শুরু হবে রাত ১২:৪৫ মিনিটে।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি জায়গা করে নেয়া দলগুলো হল- জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, নরওয়ে এবং স্কটল্যান্ড।




