ভারতের দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে এই অভিনেতার। তার ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনাজল পাওয়া গেছে। শুধু তাই নয়, খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালির উপস্থিতি মিলেছে।
রিপোর্টে বলা হয়েছে, ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা দীর্ঘ সময় পানির নিচে থাকার ইঙ্গিত দেয়। প্রাথমিক ধারণা, অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন তিনি। পরবর্তী ধাপে ভিসেরা পরীক্ষার কথাও জানানো হয়েছে।
এদিকে, রাহুলের মরদেহ কলকাতায় পৌঁছালে বিজয়গড়ের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে। ‘ভোলা বসু ভবন’-এ তাকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।
ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। উদ্ধার করা হয়েছে শুটিং সেটের ক্যামেরা ফুটেজও। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন যে ক্যামেরায় শুটিং চলছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাহুলের মৃত্যুর আগের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই ফুটেজে ধরা থাকতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি নিজেই মরদেহ নিয়ে কলকাতায় ফিরছেন। তার সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ ও প্রমোদ সিংহ।



