২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার | চ্যানেল আই অনলাইন

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ঘিরে করা বিতর্কিত পোস্টের জেরে বড় ধরনের শাস্তির মুখে পড়লেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা লঙ্ঘনের দায়ে তাকে ২০ মিলিয়ন (২ কোটি) পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ লাখ টাকা।

সোমবার পিসিবির তিন সদস্যের ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২৭ মার্চ নাসিম শাহকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল পিসিবি। তার রেশ ধরেই লাহোরে ব্যক্তিগত শুনানিতে হাজির হন এই পেসার। শুনানিতে নিজের ভুলের জন্য বিনাশর্তে ক্ষমা চাইলেও পার পাননি তিনি। পিসিবি জানিয়েছে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ভঙ্গ করেছেন, যা ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব এবং সততার পরিপন্থী।

এই ঘটনার জেরে নাসিম শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাডভাইজারকে (উপদেষ্টা) বরখাস্ত করেছেন। পিসিবি আরও এক ধাপ এগিয়ে সেই উপদেষ্টাকে কালো তালিকাভুক্ত করেছে, যাতে তিনি বোর্ডের অধীনে থাকা আর কোনো ক্রিকেটারের সাথে কাজ করতে না পারেন।

মূলত রাজনৈতিক বা স্পর্শকাতর কোন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট (যেমন গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা মারিয়াম নেওয়াজকে নিয়ে করা টুইট) এই শাস্তির মূল কারণ। যদিও পিসিবি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে নির্দিষ্ট কোন পোস্টের কথা উল্লেখ করেনি। তবে চুক্তির সোশ্যাল মিডিয়া গাইডলাইন ভঙ্গের বিষয়টি স্পষ্ট করেছে।

Scroll to Top